Published : 04 Jun 2026, 05:18 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়ার করতোয়া ও শাহজাদপুরের যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর থানাধীন পৃথক এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার কর্মকর্তারা।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণুপদ শীলের স্ত্রী বৃদ্ধা মায়া রাণী শীল এবং শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের লস্কর আলী মোল্লার ছেলে তামিম হোসেন (১৪) ।
শাহজাদপুর থানার এসআই আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে শতবর্ষী বৃদ্ধা মায়া রাণী শীল বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদীতে ওই বৃদ্ধার মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়।

এরপর স্বজনরা এসে শনাক্ত করার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আজিজুল।
অপরদিকে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজুমল কাদের বলেন, সপ্তম শ্রেণির ছাত্র তামিম হোসেন গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থাকে।
ঈদ উপলক্ষে বাড়িতে আসা এ কিশোর বুধবার দুপুরে পরিবারের অন্যদের সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে গোসলে নামে। হঠাৎ পানিতে ডুবে সে নিখোঁজ হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
পরে বৃহস্পতিবার সকালে নদীতে কিশোর তামিমের মরদেহ ভেসে উঠে।
নাজুমল বলেন, কিশোরের মরদেহ উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।