Published : 07 Feb 2026, 03:51 PM
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই মাথা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে এক গৃহবধূ এ মেয়ে সন্তান প্রসব করেন বলে জানান ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান।
নবজাতকটি ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের বাসিন্দা মাসুদ গাজী ও সুমি আক্তার দম্পতি সন্তান।
পরিবারের সদস্যরা জানান, প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে শহরের ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মা-সন্তান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
শিশু চিকিৎসক (সার্জন) মাহবুবুর রহমান বলেন, এটি যমজ শিশু। এটি শিশুর জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। দুই মুখমণ্ডল থাকায় রয়েছে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুই মুখ। এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা।
তিনি বলেন, শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদের আলাদা করতে হবে। এ চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। এখন আমাদের প্রধান কাজ হল তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।
শনিবার শিশুটির বাবা দিনমজুর মাসুদ গাজী সাংবাদিকদের বলেন, তার মেয়ের সুস্থ জীবনের জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন; যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তার সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দোয়া চেয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাধ্যমতো শিশুটির পরিবারকে সহযোগিতা করা হবে। তবে এ সহায়তা শিশুটির চিকিৎসার জন্য একেবারি সামান্য। এজন্য সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়ত শিশুটিকে চিকিৎসা করা সহজ হবে।