১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বের জেরে’ কিশোর খুন, গ্রেপ্তার ৪

দুই কিশোর অপরাধী দলের মধ্যে মারামারির একপর্যায়ে রায়হানকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বের জেরে’ কিশোর খুন, গ্রেপ্তার ৪
নিহত আব্দুল্লাহ খান রায়হান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোর অপরাধী দলের মধ্যে ‘পুরোনো বিরোধের জেরে’ এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে হত্যাকাণ্ডের ঘটনার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

শনিবার সকালে নিহতের বাবা গ্রেপ্তারসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

নিহত ১৬ বছর বয়সি আব্দুল্লাহ খান রায়হান গোদনাইল ধনকুণ্ডা এলাকার মো. শামীমের ছেলে। শামীমের তিন সন্তানের মধ্যে ছোট রায়হান বাবার সঙ্গে ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করত।

গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের নয়াপাড়ার আব্দুস সামাদের ছেলে মো. হৃদয় (৩০), একই এলাকার মো. ফারুকের ছেলে মো. সাব্বির (১৮), দক্ষিণ কদমতলী নাভানা সিটি এলাকার আবুল কাশেমের ছেলে মো. জাহিদ (১৮) এবং নোয়াখালীর মাইজদীর মনির হোসেনের ছেলে আল আমিন (২০)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুরোনো দ্বন্দ্বের জেরে দুই কিশোর অপরাধী দলের মধ্যে শুক্রবার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রায়হান গুরুতর জখম হন। খবর পেয়ে স্বজন ও বন্ধুরা তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “কিশোর বয়সি দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধের জেরে হাতাহাতির সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

“এ ঘটনায় পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”