Published : 28 Apr 2026, 08:03 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
সোমবার রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মজিবুর রহমান।
নিহত আফিয়া আক্তার (৪৫) ওই গ্রামের মোহাম্মদ সুজনের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, ইজিবাইক চালক সুজন বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশার টাকার জন্য সামান্য অজুহাতে তিনি প্রায়ই আফিয়াকে মারধর করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাটি চলে আসছিল।
ওসি মজিবুর রহমান বলেন, “ঘটনার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সুজন ধারাল ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, সকালে খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে সুজন পলাতক আছেন।
রায়পুরা থানা ও ডিবির একাধিক দল সুজনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।