Published : 25 Jan 2026, 05:07 PM
বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের ফেস্টুন টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম।
আহত ৪৫ বছর বয়সী ইমান আলী প্রামাণিক কাজলা ইউনিয়ন বিএনপি কর্মী এবং ওই ইউনিয়নের দক্ষিণ টেংরাকুড়া গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে।
তার স্ত্রী জাহানারা বেগম বলেন, “শুক্রবার সকাল ৮টার দিকে কাজলার দুর্গম চরাঞ্চলের স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ফেস্টুন লাগানোর জন্য একটি গাছে ওঠেন ইমান আলী। এ সময় ডাল ভেঙে পড়ে যান। এতে তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান এবং তার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়।
“পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে আহত ইমান আলী চিকিৎসাধীন রয়েছেন।”
জাহানারা বলেন, “আমার স্বামীর তার মেরুদণ্ডের বেশকটি হাড় ভেঙে গেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমার দিনমজুর স্বামীর আয়েই হাড়িতে ভাত হয়। আমার পরিবার এখন কীভাবে চলবে? স্বামীর চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। তার স্বামীর চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাই।”
সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। আমরা কয়েকজন কিছু সহায়তা করে তাদের হাসপাতালে পাঠিয়েছি। তারা একেবারেই গরিব।
“চিকিৎসা করার মতো সামর্থ্য তাদের নেই। তাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন। তার চিকিৎসার সহায়তার জন্য বগুড়া-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সহায়তার আশ্বাস দিয়েছেন।”
কাজী রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি। আহত বিএনপি কর্মীর পরিবারের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ আমি বহন করছি। তার পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”