১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

পিস্তল ছাড়াও চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে।

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
মিলন আলী লিমন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিলন আলী লিমন (৪০) ওই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। 

অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জাসান সিজার বলেন, “আমরা বারবার সতর্ক করেছি কারও অপকর্মের দায় দল নেবে না। পৌর যুবদলের নেতা মিলন আলী লিমনের বিরুদ্ধেও দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”  

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনে বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছিলেন। শনিবার অস্ত্র উদ্ধারের পর আরেকটি মামলা করে লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ওসি।