১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা মোশাররফ মারা গেছেন

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জাসদ নেতা মোশাররফ মারা গেছেন
মোশাররফ হোসেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 12:42 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মারা গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সহসভাপতি মোশাররফের বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মোশাররফ হোসেনের ভাতিজির স্বামী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। 

৬০ এর দশকে মোশারফ হোসেন অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।  মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুজিব বাহিনী বা বাংলাদেশে লিবারেশন ফোর্সের (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে ‘নৌকা প্রতীক’ নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

পরিবারের বরাতে অধ্যাপক মাহবুবে এলাহি সানি বলেন, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মোশাররফ হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।