বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ, আহতদের দায়িত্ব নেবে: রিজভী
নরসিংদীর মাধবদীতে জুলাই আন্দোলনে নিহত আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ ও আহতদের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা রিজভী বলেন, “শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের; যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি।
“হতাহতদের কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা কেন তাদের কাছে নেই?”
পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে অর্থ সহায়তা তুলে দেন রিজভী। সেইসঙ্গে আরমানের পরিবারের পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে বলে জানান এনপির এই নেতা।
এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যসচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
