মৌলভীবাজারে বিজিবির অভিযানে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
“পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
মৌলভীবাজারের বড়লেখায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাধরম এলাকা থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করেন তারা।
আতাউর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ২৪টি পাওয়ারজেল, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান উদ্ধার করা হয় বলে লেফট্যানেন্ট কর্নেল আতাউর জানান।
তিনি বলছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুস্পষ্ট অপচেষ্টা বলে মনে হচ্ছে।
“পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
