বরগুনায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
বামনা উপজেলার পশ্চিম বলইবুনিয়া গ্রামে ঈদগাহ মাঠের পাশে একটি ডোবায় কচুরীপানার ভেতর অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা।
বরগুনা জেলার বামনা উপজেলায় ব্যাটারিচালিত রিকশার এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা ও রিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বামনা থানার ওসি হারুন অর রশিদ।
নিহত মো. আজিজুল (২২) উপজেলার তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা বাদল মিয়া বলেন, রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ শুনতে পান। পরে একটু সামনে এগিয়ে গেলে রাস্তায় রক্ত দেখে তিনি ডাকচিৎকার দিলে লোকজন ছুটে আসে। ঈদগাহ মাঠের সামনের দিকে গেলে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখা যায়।
পরে লাইটের আলোতে ঈদগাহ মাঠের সামনের সড়কের পাশে একটি ডোবার কচুরীপানার ভেতর অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা।
ওসি হারুন অর রশিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি মরদেহটি একজন রিকশা চালকের, তাকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
“আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করি এবং ভান্ডারিয়া উপজেলা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাইফুল ও রিদয় নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
পাথরঘাটা বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, পুলিশের একাধিক টিম ও নৌ-বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুনের রহস্য উদঘাটন হয়েছে তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে বামনা থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
