১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনকে কারাদণ্ড

“জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে ৪০০ কেজি ঘোড়ার মাংস পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। এ সময় দুজনকে আটকের পর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

শুক্রবার সকালে উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্‌উএনও) মোস্তাফিজুর রহমান জানান। 

দণ্ডিতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের আরজউল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

সাজার পাশাপাশি তাদের এক হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “চরাঞ্চলে আটটি ঘোড়া জবাই করে প্রায় ৪০০ কেজি মাংস বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।

“পরিবহনের দুজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়। এছাড়াও জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।”

অভিযানের সময় কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার আব্দুল আহাদ, কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।