Published : 05 Jul 2026, 02:29 PM
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার বিদ্যুৎ সংযোগ চালু রেখেই শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন।
রোববার সকালে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি লুৎফর রহমান।
নিহতরা হলেন, সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সকালের দিকে পাকারমাথা সড়ক এলাকায় পল্লী বিদ্যুতের লাইনের মেরামতের কাজ চলছিল। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান বলেন, “ঠিকাদারী প্রতিষ্ঠান বিদ্যুৎ লাইন মেরামতের বিষয়ে আমাদের অবগত করেনি। তারা চলন্ত লাইনেই শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।
“বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আখতার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ‘খুব ব্যস্ত আছি’ জানিয়ে মোবাইলের কল কেটে দেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”