Published : 05 Mar 2026, 09:13 PM
নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের আকস্মিক পরিদর্শনের সময় অনুপস্থিত তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।
কার্যালয়ে যথাসময়ে অনুপস্থিত থাকা, সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় তাদের বদলির আদেশ দিয়ে বৃহস্পতিবার নোটিস দেয় ভূমি মন্ত্রণালয়।
কারণ দর্শানোর নোটিস প্রদানের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন।
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপসহকারী কর্মকর্তা ওমর ফারুককে গোপালগঞ্জ জেলায় এবং অফিস সহায়ক ফাতেমা জান্নাতীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় বদলি করা হয়। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ের একজন সহকারী ভূমি কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশে স্বাক্ষর করেছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়েল জ্যেষ্ঠ সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন।
এর আগে বুধবার সকাল ৯টার কিছুক্ষণ পর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। এ সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকায় বারান্দায় অন্তত ৩০ মিনিট অপেক্ষা করেন তিনি।
ঘটনার পরদিন ভূমি মন্ত্রণালয় থেকে তিন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিসে বলা হয়, প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় কার্যালয় তালাবদ্ধ ছিল এবং সেখানে কেউ উপস্থিত ছিলেন না। এতে সেবাপ্রার্থীরা দুর্ভোগের শিকার হন।
দেরিতে উপস্থিত হওয়ার কারণ লিখিতভাবে আগামী তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর।
ভূমি প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় কার্যালয়ে অনুপস্থিত ৩ কর্মকর্তা