১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ

ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফিয়ার লাশ দেখতে পায় সহপাঠিরা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 03:27 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের চতুর্থ তলার একটি শ্রেণিকক্ষ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয় বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান।

মৃত আফিয়া জাহান (১৫) জেলা শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. এসএম ওবায়দুল্লাহ আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী আফিয়া প্রতিদিনের সকালে সকালে স্কুলে যায়। পরে সাড়ে ১০টার দিকে টিফিনের সময় শ্রেণিকক্ষের পাশে স্কুলের একটি চারতলা ভবনের দিকে তাকে যেতে দেখে সহপাঠিরা। এরপর ওই ভবনের চারতলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফিয়ার লাশ দেখতে পায় তারা।” 

এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন বলে জানান মহিতুল ইসলাম।

এ পুলিশ কর্মকর্তা বলেন, মেয়েটির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, “স্কুলছাত্রীর মৃত্যুর কারণ তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব তারা রিপোর্ট দেবেন।”