১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের ২ সদস্য বরখাস্ত

তাদের বিরুদ্ধে ‘মোটা অঙ্কের টাকার’ বিনিময়ে গাঁজাসহ একটি পিকআপ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের ২ সদস্য বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 04:38 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার রাতে তাদের বরখাস্ত করা হয় বলে শনিবার দুপুরে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

বরখাস্তকৃতরা হলেন- নবীনগর থানার এসআই জাহিদ আহসান এবং কনস্টেবল আবু কাউছার।

পুলিশ জানায়, ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যান আটক করেন ওই দুই পুলিশ সদস্য। পিকআপটিতে বিপুল গাঁজা থাকলেও অভিযোগ রয়েছে, ‘মোটা অঙ্কের টাকার’ বিনিময়ে গাড়িটি ছেড়ে দেন তারা।

ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তাৎক্ষণিক ঘটনাটি তদন্তের নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে এ ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে নবীনগর থানার ওসি রফিকুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোনে ধরেননি।

পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।