Published : 05 Jan 2026, 10:30 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুজনের প্রাণ গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিতলা এলাকায় ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা একজন টাঙ্গাইলের কালিহাতির জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (২৫)। অপরজন গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৬৫)।
আহত একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সড়কে পাথরবাহী একটি ট্রাক আগে থেকেই থেমে ছিল। ওই ট্রাকের পেছনে রংপুর থেকে ছেড়ে আসা একটি বালুর ট্রাক ধাক্কায় দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় বালুবোঝাই ট্রাকের চালক ও ওই ট্রাকে থাকা কাপড় ব্যবসায়ী চাঁন মিয়ার।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে নেওয়া হয়েছে। ট্রাক দুটি সড়ক থেকে সরানো হয়েছে।