১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিলি সীমান্তে ধান ক্ষেতে মিলল ড্রোন, পুলিশের ধারণা ‘ভারতীয়’

ড্রোনটি ভারতীয় সীমান্তে ওড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হিলি সীমান্তে ধান ক্ষেতে মিলল ড্রোন, পুলিশের ধারণা ‘ভারতীয়’
দিনাজপুরের হামিপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ধান ক্ষেতে পাওয়া ড্রোন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ধান ক্ষেতে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে; যেটি ভারত থেকে এসেছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার বিকালে ঘাসুরিয়া সীমান্তের ধান ক্ষেতে কাজ করার সময় এক কৃষক পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি পান বলে জানান হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম।

পরে রাতে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ ওই কৃষকের কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় কৃষক প্রফুল্ল সীমান্তে ধান ক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখেন। তিনি সেটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে তিনি পুলিশকে জানান। 

খবর পেয়ে রাত ১০টায় পুলিশের একটি দল সেটি উদ্ধার করে থানায় নেয় বলে জানান তিনি।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিপিএস লেখা ড্রোনটি ভারতীয় সীমান্তে ওড়ানোর সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে।”

বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বর্তমানে ড্রোনটি হাকিমপুর থানায় রক্ষিত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।