১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ ময়মনসিংহে

৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আব্দুল্লাহ আল মামুন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 02:53 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ইরান যুদ্ধের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরেক প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে।  

সোমবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার মরদেহ গ্রহণ করেন।

আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টার দিকে তার মরদেহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাড়িতে পৌঁছায়। মৃত্যুর ২১ দিন পর তার মরদেহ পেল পরিবার। 

৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত করে। এ সময় মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরদেহ আসার খবরে সকাল থেকে ভরভরা গ্রামে মামুনের বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমান। সবাই তার মরদেহের অপেক্ষায় ছিলেন। জানাজা ও দাফনের প্রস্তুতিও চলছিল। পরিবার জানিয়েছে, আছরের নামাজের পর পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হবে।

আট বছর আগে সৌদি আরব যান মামুন। পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

মামুনের বাবা শহীদ সওদাগর বলেন, “আমার ছেলে ঈদের পর বাড়ি আসার কথা ছিল; আসলো কিন্তু লাশ হয়ে।” 

নিহতের চাচা গুলজার সওদাগর বলেন, “আমার ভাতিজা পরিবারের সচ্ছলতা ফেরাতে আট বছর আগে সৌদি আরবে গিয়েছিল। দেশে এসে বাড়ি করার কথা ছিল। কিন্তু তার আগেই মারা গেল। সরকারকে ধন্যবাদ জানাই ভাতিজার মরদেহটি দ্রুত সময়ে নিয়ে আসার জন্য এবং পরিবারের পাশে যেন সরকার থাকে।”