গাজীপুরে গাড়ির পেছনে ধাক্কায় কভার্ড ভ্যানের চালক নিহত
মিনি কভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকে ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে এক মিনি কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুল ইসলাম।
নিহত আমিন শিকদার (৩৫) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, সকালে মিনি কভার্ডভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি।
এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে যায়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। তারা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে কভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালকের লাশ উদ্ধার করে।পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সালনা হাইওয়ে থানার ওসি সাহাবুল বলেন, দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
