১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নড়াইলে বেড়াতে আসা গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

পরিবারের সদস্যদের অভিযোগ, সাকিব শেখ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 10:51 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নড়াইল সদরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক গৃহবধূকে কুপিয়ে হত্যা হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাহিরগ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার। 

নিহত চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনা ফুলতলা উপজেলার অলকা গ্রামের কালাম শেখের মেয়ে। তার স্বামী সাকিব শেখ (২৫) একই উপজেলার দামোদর মধ্যপাড়ার জাহিদ শেখের ছেলে। তাদের চার বয়সী একটি বাচ্চা আছে।  

ওসি বলেন, ওই দম্পতি সোমবার সন্ধ্যায় নড়াইলে সাকিবের খালু নিকমল শেখের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে চলে যান। 

পরিবারের সদস্যদের অভিযোগ, সাকিব শেখ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এর জের ধরে রাত ১টার দিকে ধারালো বটি দিয়ে স্ত্রী খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। 

পরে স্বজনরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, খাদিজা নামে এক নারীকে গুরুতর জখম অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার তিনি মারা গিয়েছিলেন। 

পরিদর্শক অজয় কুমার বলেন, সাকিবকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইননুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।