Published : 17 Jan 2026, 11:42 PM
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারীর প্রাণ গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল চালক, টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন মিয়া (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার আরফান খান (৭৫)। আরফান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ বলছে, সখীপুর উপজেলার ‘ফাইলা পাগলার মেলা’ থেকে একটি মোটরসাইকেলে ফিরছিলেন তিনজন। এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আরফান খানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বাসাইল থানার ওসি হুমায়ুন কবির বলেন, গুরুতর আহত দুই আরোহীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোল্লা তোফায়েলের পক্ষে সুমন কুমার রায়।