ফের বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট
সাত দিন বন্ধ থাকার পর দুই দিন আগে উৎপাদনে গিয়েছিল ইউনিটটি
নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালু হওয়ার দুই দিন পর ফের বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুর আড়াইটায় বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান।
কর্তৃপক্ষ জানায়, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সময় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা হয়।
তবে সেফটি বাল্ব ঠিক করে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করতে সাত দিন লেগে যায়। সোমবার থেকে পুরোদমে উৎপাদনে যায় ইউনিটটি। এর দুদিনের মাথায় ফের বন্ধ হয়ে গেল।
