Published : 20 Jun 2026, 09:28 PM
খাগড়াছড়িতে সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে পানি দেওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে শহরের চেঙ্গী স্কয়ারসংলগ্ন সিকদার এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সাজ্জাদ হোসেন বলেন, ভোক্তার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের সত্যতা পাওয়ার সিকদার এন্টারপ্রাইজ ও জননী ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগকারী ভোক্তা মোহাম্মদ নামের বলেন, তিনি নিয়মিত সিকদার এন্টারপ্রাইজ থেকে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করেন। একটি সিলিন্ডার এক মাস বা তারও বেশি সময় যায়। কিন্তু নতুন কেনা সিলিন্ডারটি মাত্র দুই সপ্তাহের মধ্যেই গ্যাসশূন্য হয়ে পড়ে।
তিনি বলেন, সিলিন্ডারটি অস্বাভাবিক ভারী ছিল। এতে সন্দেহ হলে তিনি সিলিন্ডারটি পরীক্ষা করেন। তখন দেখতে পান ভেতরে পানি রয়েছে। এরপর তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এ বিষয়ে সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খায়রুল হোসেন বলেন, “আমি নিয়মিত জননী ট্রেডার্স নামের একটি ডিলার পয়েন্ট থেকে গ্যাস সংগ্রহ করে বিক্রি করি। সিলিন্ডারের ভেতরে পানি থাকার বিষয়ে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না। আমি যেভাবে সরবরাহ পেয়েছি, সেভাবেই গ্রাহকদের কাছে বিক্রি করেছি।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আরও কয়েকজন ভোক্তা একই ধরনের অভিযোগ নিয়ে সামনে আসেন।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাজারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ভোক্তা গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সিকদার এন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডার বিক্রির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। এ কারণে সিকদার এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া জননী ট্রেডার্স অন্য একটি ডিলার পয়েন্টের নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নির্বাহী হাকিম জানান।