১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাসদ থেকে পদত্যাগ করলেন ভেড়ামারার সাবেক মেয়র টুটুল

আনোয়ারুল কবির টুটুল ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 10:07 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার দুপুরে ভেড়ামারা পৌর এলাকার রথপাড়ায় বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

আনোয়ারুল কবির টুটুল ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহসভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন তিনি জাসদের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমান সময়ে পারিবারিক, ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণে রাজনীতিতে সক্রিয় থাকা তার জন্য সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং দলীয়ভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, কেউ দল থেকে যুক্ত হন, আবার কেউ ব্যক্তিগত কারণে সরে যান। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি বলেন, বিষয়টি দলের জন্য বড় কোনো প্রভাব ফেলবে না।