১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে জমির বিরোধে সংঘর্ষ: আহত যুবদল নেতার মৃত্যু

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 04:58 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম। 

নিহত ৪০ বছর বয়সি শাহ আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে ওই গ্রামের নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। 

জমির সীমানা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর মধ্যে বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়াকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রুপ নিলে কয়েকজন আহত হন। 

পরিবার জানায়, সংঘর্ষে শাহ আলম গুরুতর আহত হয়। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে বুধবার সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাবা হারানো তিন সন্তান নিয়ে বিপাকে পড়া শাহ আলমের স্ত্রী খাদিজা তার স্বামীর হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দাবি করেছেন। 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।