Published : 06 Jul 2026, 04:03 PM
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ছুরিকাঘাতে এক কৃষককে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের এক চাচাতো ভাই পলাতক আছেন।
রোববার রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের সোলারচক গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক।
নিহত সোহাগ শেখ (৩২) ওই গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।
সোমবার দুপুরে ওসি রমজানুল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সোহাগ শেখের ছেলের সঙ্গে তার চাচাতো ভাই ফেরদৌস শেখের ছেলের বিরোধ হয়। সোহাগ ঘটনার বিস্তারিত জানতে ফেরদৌসের কাছে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে ফেরদৌস ঘরে থেকে ছুরি নিয়ে সোহাগের বুকে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়”, বলেন তিনি।
খবর পেয়ে পুলিশ সোহাগের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে ফেরদৌস পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি রমজানুল বলেন, সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।