Published : 22 Jun 2025, 07:39 PM
মামলায় মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নাম ভুল করে আসামির তালিকায় চলে এসেছে দাবি করে এ জন্য ক্ষমা চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক নেতা।
মাগুরা প্রেস ক্লাবে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ক্ষমা চান শ্রীপুরের দারিবিলা গ্রামের সোহেল রানা নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা; যিনি মামলার বাদী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার মুহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে আন্দোলন করার সময় তিনি গুলিবিদ্ধ হন। তখন ঢাকা পঙ্গু হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসা নেন তিনি।
সোহেল রানার দাবি, পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মাগুরার শ্রীপুরের মদনপুর গ্রামের মাসুদ মজুমদারের সহযোগিতায় একটি মামলা করেন তিনি।
সেখানে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনসহ অন্তত ৫০০ জনকে আসামি করা হয়। কিন্তু এ মামলায় ভুলে শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ২৭ জন নেতাকর্মীর নাম আসামির তালিকায় চলে আসে বলে সোহেল রানার দাবি।
তিনি আরো বলেন, ঘটনার সময় উল্লিখিত ব্যক্তিরা ঢাকায় ছিলেন না। ভুলক্রমে মামলার আসামির তালিকায় তাদের নাম লেখা হয়েছে। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।