১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে ট্রেনের ‘লাগেজ ভ্যানের’ স্প্রিং ভেঙে ১ ঘণ্টা চলাচল ব্যাহত

খুলনা থেকে পঞ্চগড়ের চিলাহাটিগামী ‘রকেট মেইল’ ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে প্রবেশের সময় স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে পড়ে চালকের।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ট্রেনের ‘লাগেজ ভ্যানের’ স্প্রিং ভেঙে গেছে। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। 

বুধবার দুপুরে খুলনা থেকে পঞ্চগড়ের চিলাহাটিগামী ‘রকেট মেইল’ ট্রেনটি উপজেলার মোবারকগঞ্জ স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে বলে জানান ট্রেন চালক আমিনুল ইসলাম।

তিনি বলেন, “বেলা ১২টার দিকে স্টেশনে ক্রসিংয়ের সময় ট্রেনটির পেছনের ‘লাগেজ ভ্যানের’ চাকার সমস্যা টের পাই। তাৎক্ষণিক ট্রেন থামিয়ে স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে পড়ে। পরবর্তীতে ‘লাগেজ ভ্যানে’ থাকা মালামাল সরিয়ে অন্য বগির ওপর রাখা হয়।”

মেরামত শেষে দুপুর ১টা ১৮ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান চালক আমিনুল ইসলাম।