২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার ৯, ড্রেজার জব্দ

দুই মাসে বালু উত্তোলনের ঘটনায় অর্ধশত লোককে আটকের পাশাপাশি মামলা হয়েছে ৩০টি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 11:33 AM

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ ছাড়া জব্দ করা হয়েছে তিনটি ড্রেজার ও দুটি বাল্বহেড। 

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

আটকদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নৌ পুলিশ জানায়, মেঘনার মোহনপুরসহ বিভিন্ন স্থানে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অভিযানের পরও বন্ধ যাচ্ছে না বালু উত্তোলন। 

নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার, দুটি বাল্বহেড জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজারে কর্মরত নয়জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সব পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করছে। দুই মাসে ৩০ মামলা করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অর্ধশত লোককে এ পর্যন্ত আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে ৩০টির বেশি ড্রেজার। 

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশ সবসময় তৎপর রয়েছে বলে জানান তিনি।