১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় মিছিল করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ অভিযানে নামে।

পাবনায় মিছিল করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২
পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার জেরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার রাতে পাবনা শহরের চক ছাতিয়ানি ও গোবিন্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা। 

আটকরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা ও আওয়ামী লীগ কর্মী শেখ রাজু।

সঞ্জয় কুমার সাহা বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের নিজ নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরদিন শনিবার দুপুরে অজ্ঞাত কিছু ব্যক্তি ওই কার্যালয়ে দুটি টায়ারে অগ্নিসংযোগ করে। 

এরই প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন।  তারা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি নতুন করে স্থাপন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে। দলীয় বিভিন্ন শ্লোগান দেন। 

পরে তারা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডসহ প্রধান কয়েকটি সড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিউ মার্কেট এলাকার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ অভিযানে নামে এবং দু্ই জনকে আটক করে । 

সঞ্জয় কুমার সাহা আরও বলেন, শহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।