১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

মৃত্যুর খবর এলাকায় ছড়ালে কিশোর অপরাধীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শরীয়তপুরে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
নিহত মো. সাইম মাদবর।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

শরীয়তপুর সদরে কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে আহত অপর এক কিশোর নিহত হয়েছে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়ালে কিশোর অপরাধীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুজনদোয়াল গ্রামে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয় বলে জানান তিনি।

নিহত মো. সাইম মাদবর (১৫) ওই গ্রামের কৃষক আব্দুল হালিম মাদবরের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, সাইম ও হামলাকারীরা একই এলাকার বাসিন্দা। তারা একসঙ্গে চলাফেরা করত। এক মাস আগে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন ১৬ বছরের এক কিশোরকে মারধর করা হয়। সেই ঘটনার জেরে সাইমকে ছুরিকাঘাত করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে।

এদিকে সাইমের মৃত্যুর খবর এলাকায় ছড়ালে কিশোর অপরাধীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সাইমের বাবা আব্দুল হালিম বলেন, “স্থানীয় মাটি ব্যবসায়ী শওকত শিকদার ও সোবহান মাদবরের কাছে ফসলি জমি থেকে দুই লাখ টাকার মাটি বিক্রি করেছিলাম। এর মধ্যে পাওনা ৫০ হাজার টাকা পরিশোধ না করে তারা জোর করে জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করতে থাকেন।

“এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাইমকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।”

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “ছুরিকাঘাতে আহতের ঘটনায় যে মামলা হয়েছিল, সেটি হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”