১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাবিতে পরীক্ষা না দিয়েও সিজিপিএ ৩.৫০ পেলেন শিক্ষার্থী

সাদিয়া আফরোজ মারিয়া বলেন, “মাতৃত্বকালীন অসুস্থতার জন্য আমি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।”

রাবিতে পরীক্ষা না দিয়েও সিজিপিএ ৩.৫০ পেলেন শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 06:24 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষা না দিয়েও সিজিপিএ ৩.৫০ পেয়েছেন। 

বুধবার প্রকাশিত বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফলাফলের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানাজানির পর বিভাগে চাঞ্চল্যতা তৈরি হয়।

পরীক্ষা কমিটির সদস্যদের গাফিলতির কারণেই এমন ভুল হয়েছে বলে জানান ওই পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম।

২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার ওই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে দেখা যায়, সাদিয়া আফরোজ মারিয়া নামের এক শিক্ষার্থী সিজিপিএ ৩ দশমিক ৫০ পেয়েছেন; যিনি পরীক্ষাতেই অংশ নেননি।

সাদিয়া আফরোজ মারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাতৃত্বকালীন অসুস্থতার জন্য আমি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। তাই আমি এখনো তৃতীয় বর্ষে উঠতে পারিনি। তাই এখন ২০২১-২২ শিক্ষাবর্ষের সঙ্গে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত। এমন ফলাফল প্রকাশের বিষয়টি জানতে পেরে খুবই বিস্মিত হয়েছি।”

ওই পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, “এটি ভুলবশত হয়েছে। পরীক্ষা কমিটির তিনজন ট্যাবুলেটর ছিলেন। মূলত তাদের গাফিলতির কারণেই এমন ভুল হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি সংশোধনের জন্য আমরা কাজ শুরু করেছি।”

এ বিষয়ে জানতে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের মোবাইলে কলা করা হলেও তিনি রিসিভ করেননি।