১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাচোলে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রলি ভ্যানের চালক নিহত

দেওপাড়া রেলক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো ‘জনবল মঞ্জুরি’ ছিল না বলে জানান আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন ম্যানেজার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 11:50 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রলি ভ্যান নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক চালকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ভ্যানে থাকা একটি ছাগলও মারা গেছে।

বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম।

নিহত ৩৫ বছর বয়সি আবুল কালাম আজাদ (টিমন) উপজেলার বান্দা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

এসআই শফিকুল ইসলাম বলেন, সকালে আবুল কালাম আজাদ একটি ট্রলি ভ্যানে ছাগল নিয়ে নিজ বাড়ি বান্দা গ্রামে ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। 

“এতে ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নিহত হন। ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়।”

এ বিষয়ে জানতে চাইলে আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন ম্যানেজার হাসিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেওপাড়া রেলক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো ‘জনবল মঞ্জুরি’ ছিল না।”

রেলওয়ে পুলিশের শফিকুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।