১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ফাহিম হাঁটছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া

যাত্রাপথে বিভিন্ন স্থানে বীজ বপন ও গাছ লাগাচ্ছেন ২৬ বছর বয়সী এই যুবক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 08:12 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করবো দূরত্ব জয়’- এই স্লোগান নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে যাত্রা করছেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম মুনতাসির।

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় এক হাজার ২০ কিলোমিটার পথ হেঁটে পরিবেশ রক্ষা ও সুস্থতার জন্য হাঁটার অভ্যাস গড়ে তোলার বার্তা দিচ্ছেন ২৬ বছর বয়সী এই যুবক।

১০ জুলাই তিনজন মিলে টেকনাফ থেকে হাঁটা শুরু করেন ফাহিম। পরে ফেনীতে এসে তার দুই সহযাত্রী হাঁটা থামিয়ে দেন। এরপর থেকে একাই হাঁটছেন তিনি।

যাত্রাপথে বিভিন্ন স্থানে বীজ বপন ও গাছ লাগাচ্ছেন ফাহিম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় ফাহিম বলেন, “আমার এই যাত্রা কোনো রেকর্ড গড়ার জন্য নয়, কোনো ব্যক্তি বা সংগঠনের প্রচারের জন্যও নয়। নিজের সুস্থতা এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখার চিন্তা থেকেই এই পথচলা।”

তিনি বলেন, “যানবাহনের ধোঁয়া পরিবেশ দূষণ করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও দিন দিন বাড়ছে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেও বড় পরিবর্তন আনা সম্ভব।”

ফাহিম বলেন, “অল্প দূরত্বে হাঁটা, প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহার এবং ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা যায়। আমার এই পদযাত্রা সেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার একটি চেষ্টা।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ রক্ষার কাজ বড় কোনো আয়োজন থেকেই শুরু হতে হবে এমন নয়; প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমেও পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, নিজের উদ্যোগে এই পদযাত্রা করছেন তিনি। পথে বিভিন্ন শহর ও উপজেলায় বন্ধুদের বাড়িতে রাতে থাকেন।

ফাহিম বলেন, মানুষের মধ্যে হাঁটার অভ্যাস তৈরি করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোই তার এই যাত্রার মূল উদ্দেশ্য।