Published : 21 Sep 2025, 03:23 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ির পাশের কলাবাগান থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
নিহত শিউলী বেগম (৩৫) ওই গ্রামের ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী ও একই ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে।
প্রায় এক যুগ আগে শিউলী ও ফরিদের বিয়ে হয়। তাদের সংসারে একটি আট বছর বয়সী ছেলে আছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ফরিদ বিয়ের পর থেকেই নানা কারণে শিউলীকে নির্যাতন করতেন। শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এরপর রাতে কলাবাগানে শিউলী বেগমের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশিরা।
খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিউলীর বাবা শরীফ মিয়া ড্রাইভার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবেই শিউলীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়েছে ফরিদ। তিনি তাকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ওসি বুলবুল ইসলাম বলেন, নিহতের গলায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ফরিদ উদ্দীন পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রক্রিয়া চলামান আছে বলেও জানান ওসি।