১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাল ভোট দিতে গিয়ে ময়মনসিংহ ও ফেনীতে আটক ৯

হালুয়াঘাট উপজেলায় চারজন এবং ফুলগাজীতে পাঁচজনকে আটক করা হয়েছে।

জাল ভোট দিতে গিয়ে ময়মনসিংহ ও ফেনীতে আটক ৯
ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ময়মনসিংহ ও ফেনীতে নয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

বুধবার ভোট শুরুর পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চারজন এবং ফেনীর ফুলগাজীতে পাঁচজনকে আটক করা হয়েছে।

হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “সকাল সাড়ে ১০টায় কয়েকটি বুথে সমস্যার সৃষ্টি হয়। কয়েকজন বুথে ঢুকে দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে চারজনকে আটক করি। তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।” 

আটকরা হলেন- জালাল উদ্দিন (৪৬), বোরহান উদ্দিন (১৮), ঝুলন আচার্য (৫০) ও সুমন আচার্য (২১)। সবাই স্থানীয় বাসিন্দা।   

প্রিজাইডিং কর্মকর্তা জানান, উপজেলার ৯৪টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি এখানে। ভোটার সংখ্যা ৪ হাজার ৩৫১ জন। দুপুর ১২টা নাগাদ কেন্দ্রে ১ হাজার ২৯৩ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটের ২০ দশমিক ৫২ শতাংশ। 

ফেনীর ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলার হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়েছে। 

অপরদিকে উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুষ্পেন সাহা জানান, একই অভিযোগে তার কেন্দ্রে আরও তিনজনকে আটক করা হয়েছে।