গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২
বিজয় বিশ্বাস ভাড়ায় মোটরসাইকেল চালাতেন, বলেন পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন।
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।
রোববার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জের সাতপাড় গ্রামের পশ্চিমপাড়ায় টেকেরহাট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের বিজয় বিশ্বাস (২২)।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন মোল্লা দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে মোটরসাইকেলে করে টেকেরহাট থেকে ডালমিয়া গ্রামের উদ্দেশে রওনা দেন সরোজ ও বিজয়। পশ্চিমপাড়ায় পৌঁছালে বাইকটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস নিহত হয়। স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর সরোজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিজয় বিশ্বাস ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
