ছাত্র আন্দোলনে হামলা মামলায় রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি, বলছে পুলিশ।
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদে নগরীর সিও বাজার এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান।
গ্রেপ্তার ৩৫ বছর বয়সী ইফতেখারুল ইসলাম শুভ রংপুর নগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
ওসি আতাউর রহমান বলেন, “ইফতেখারুল ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
“তার বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছন।”
এসব মামলায় ইফতেখারুলকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
