Published : 26 May 2026, 07:45 PM
মাদক প্রতিরোধে ব্যর্থতা, মাদক কারবারিদের গ্রেপ্তার করতে না পারার কারণে সাভার মডেল থানার ওসি আরমান আলীকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকালে বলেন, “থানার ইনচার্জ হয়েও শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারায় ওসির গাফিলতি ও ব্যর্থতা মনে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে আরমান আলীকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
এর আগেও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতার অভিযোগে একজন এসআই ও দুজন এএসআইকে প্রত্যাহার করা হয়েছিল।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মঙ্গলবার এক আদেশে ওসি আরমান আলীর প্রত্যাহারের কথা জানান।
বেশ কিছুদিন ধরেই সাভার পৌর এলাকা, রাজাশন, হেমায়েতপুর, বেদেপল্লী ও আমিনবাজারে মাদক কারবারিদের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে ওসির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সম্প্রতি মাদক ব্যবসায়ী শামীম আহমেদের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুজন সংবাদ কর্মী হামলারও শিকার হন। এসব বিষয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।
প্রত্যাহারের বিষয়ে জানতে ওসি আরমান আলীর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।