Published : 04 May 2026, 12:17 AM
অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকার সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর এক অফিস আদেশে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে নিবন্ধন দপ্তরে সংযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ দায়ের করা হয়েছে।
মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে অবিলম্বে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আযিজুর রহমানের যৌথ স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
এ বিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।