১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোর-৫ আসন জোট শরীককে ছেড়ে দেওয়ায় বিএনপির বিক্ষোভ

আসনটি যুগপৎ আন্দোলনের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে ছেড়ে দিয়েছে বিএনপি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 09:21 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে দলীয় প্রার্থী বাতিল করে জোট শরীককে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা যশোর-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া অনেক নেতাকর্মীর মাথায় কাফনের কাপড়ও দেখা গেছে।

আন্দোলনকারীরা বলেন, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ হয়েছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এর আগে ৩ নভেম্বর বিকালে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে যশোর-৫ আসনে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। 

তবে নির্বাচনে জোট সমঝোতার অংশ হিসেবে বিএনপির যুগপৎ আন্দোলনের শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতী রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়।