Published : 31 Aug 2026, 08:07 PM
গাজীপুরের টঙ্গীতে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর এলাকা থেকে এ অভিযান শুরু হয় বলে জানান রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার।
উচ্ছেদ অভিযানে পে-লোডার ও এক্সক্যাভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছিলেন।
লিটন সরকার বলেন, রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্লটটি দখলমুক্ত করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, হাজির মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে সেখানে অভিযান চালালেও মাদক কারবার পুরোপুরি বন্ধ হয়নি।
অভিযানে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বেলায়াত হোসেন বলেন, মাদকের ক্ষতি থেকে টঙ্গীকে মুক্ত করতে এবং সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান কাজে আসবে।
রাজউক জানিয়েছে, উচ্ছেদ করা জায়গায় যাতে আবার অবৈধ দখল বা মাদকের স্পট তৈরি না হয়, সেজন্য নজরদারি রাখা হবে।