১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপগঞ্জে ডেঙ্গুতে ভূমি অফিসের কর্মীর মৃত্যু

গত সপ্তাহে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 04:56 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান জানান। 

৫৮ বছর বয়সী আবু ছিদ্দিক রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ফেনী জেলার বাসিন্দা ছিদ্দিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবার নিয়ে থাকতেন।

মারজানুর রহমান বলেন, “গত সপ্তাহে পরীক্ষায় আবু ছিদ্দিকের ডেঙ্গু শনাক্ত হয়। শুরুর দিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।”

আবু ছিদ্দিকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে আবু ছিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে উপজেলা ভূমি অফিস, রূপগঞ্জ একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও কর্মঠ সহকর্মীকে হারালো।”