Published : 28 Dec 2025, 06:30 PM
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।
রোববার সকালে উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় (ইদারার মূল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান।
নিহতদের মধ্যে মো. মিজান লালমোহনের ভেদুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে, আরেকজন রিয়াজ উদ্দিন, তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মনিরুজ্জামান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। পথে মাদ্রাসার মোড় (ইদারার মূল) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন চারজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।