Published : 10 Aug 2026, 02:52 PM
দিনাজপুর কোতোয়ালি থানার ভেতর পুলিশের এক পরিদর্শকে থাপ্পড় মারা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী।
এর আগে রোববার রাতে হামলার শিকার সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজিবুর রহমান (৫৬) দিনাজপুর জেলার কৃষক দলের সদস্যসচিব। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্য।
মামলা থেকে জানা গেছে, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও মামলাটির আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে কোতোয়ালি থানায় যান জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পরিদর্শক নওয়াবুর। এ সময় থানায় ওসির সঙ্গে দেখা করতে যান কৃষক দল নেতা মুজিবুর। তবে তখন ওসি থানায় ছিলেন না।
মজিবর ওসির অবস্থান সম্পর্কে সিআইডির পরিদর্শককে প্রশ্ন করলে তিনি এই থানার পুলিশ নয় বলে জানান। তবে মজিবরের সঙ্গে থাকা একজন সিআইডি কর্মকর্তাকে গালাগালি করেন। এতে পুলিশ পরিদর্শক নওয়াবুর প্রতিবাদ করলে তার গালে থাপ্পড় দেন মুজিবর।
পরে থানার অন্য পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবরকে গ্রেপ্তার করেন বলে জানান ওসি মোহাম্মদ নূরনবী।
তিনি বলেন, “ওই ব্যক্তি শুধু থাপ্পড় মারেননি, হত্যার হুমকিও দিয়েছেন। রাতেই তার বিরুদ্ধে মামলা দিয়ে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”