১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

উপজেলার কাদির গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞ শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে ফিরছিলেন তারা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 10:35 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মারা গেছেন দুজন, আহত হয়েছেন আরও পাঁচজন। 

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন হোসেন। 

নিহতরা হলেন- সাতৈর ইউনিয়নের সেনাহাটি গ্রামের বিপ্লব কুমার সাহা (৫৫) ও পাশ্ববর্তী বড়নগর গ্রামের নারায়ণ চন্দ্র সাহা (৫০)। তারা দুজনেই সাতৈর বাজারের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) আল-আমিন বলেন, উপজেলার কাদির গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠান নামযজ্ঞ শেষে একটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়িতে ফিরছিলেন তারা। 

ভ্যানে মুজুরদিয়া কানখরদি মাদ্রাসার সামনে পৌঁছালে সামনে থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুজন। 

এ সময় সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও ভ্যানচালক সুমন আহত হন। তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরেই ট্রাক রেখে পালিয়ে যায় চালক ও সহকারী। ট্রাকটিকে থানা পুলিশে দেয়া হয়েছে। 

পরিদর্শক আল-আমিন হোসেন বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।