ভোলার বাগানে মিলল ‘মনিটর লিজার্ড’ গুইসাপ
৭ মে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকা থেকে ‘মনিটর লিজার্ড’ প্রজাতির আরেকটি বড় গুইসাপ উদ্ধার করা হয়েছিল।
ভোলার তজুমদ্দিন উপজেলায় একটি ‘মনিটর লিজার্ড’ প্রজাতির গুইসাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারসংলগ্ন একটি বাগান থেকে স্থানীয়দের সহায়তায় গুইসাপটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।
উদ্ধার হওয়া গুইসাপটির ওজন প্রায় ৩৭ কেজি এবং দৈর্ঘ্য ৭ ফুট ৬ ইঞ্চি।
স্থানীয়দের বরাতে বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সকালে এক ব্যক্তি বাজারে যাওয়ার সময় বাগানের ঝোপঝাড়ে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পান। কাছে গিয়ে তিনি একটি বড় গুইসাপ দেখতে পান।
পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুইসাপটি উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, এর আগে তারা এত বড় গুইসাপ দেখেননি।
বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ প্রজাতির গুইসাপ সচরাচর দেখা যায় না। উদ্ধার করার পর প্রাণীটিকে রেঞ্জ কার্যালয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে উপযোগী পরিবেশে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, “গুইসাপ প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসায় অনেক সময় এগুলো মানুষের হাতে ধরা পড়ে। এ প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।”
এর আগে ৭ মে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকা থেকেও একই প্রজাতির আরেকটি বড় গুইসাপ উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসা শেষে সেটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
