১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে দুই এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেকসহ ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 03:27 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেকসহ ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

সোমবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার এসআই মো. মামুন। 

ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশ প্রহরী সমর আলী বলেন, “গভীর রাতে এ বাজারে একটা পিকআপ এসেছিল। পরে পিকাপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করতেছিল। আমি ভাবছিলাম পিকআপটি নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। এরপর কী হয়েছে আমি বলতে পারবো না।”

সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, “আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।”

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, “আমার দোকানে থাকা ১৪ লক্ষ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে।”

ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, “আমাদের বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আসা করি প্রশাসন তদন্ত করে অতি দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।”

এসআই মো. মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”