গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের গোলাগুলি, হাতবোমা বিস্ফোরণ
দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।
গাজীপুর নগরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ সময় ঝুটবোঝাই একটি ট্রাক ও এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুট এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি হারুন অর রশিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘খান ট্রেডার্স’ এর মালিক কৌশিক খানের সঙ্গে ‘ম্যানল ফ্যাশন গার্মেন্টসের’ ঝুট ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী এদিন সকালে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদের লোকজন ট্রাক নিয়ে ঝুট আনতে গেলে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুলের লোকজন বাধা দেন।
এ নিয়ে নাজমুলের লোকজনের সঙ্গে শরীফ আজাদের লোকজনের ধাওয়া পাল্টাধাওয়া, গোলাগুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় খান ট্রেডার্সের মালিক কৌশিক খান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি হারুন অর রশিদ।
