১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাদারীপুরে অসদুপায় অবলম্বনে গ্রেপ্তার ২, মামলা

অমৃত মণ্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত ও লাভলী বেগম গৃহিণী।

শিক্ষক নিয়োগ পরীক্ষা: মাদারীপুরে অসদুপায় অবলম্বনে গ্রেপ্তার ২, মামলা
মোবাইল ফোনে পাওয়া উত্তরপত্র ও আনসার সদস্য অমৃত মণ্ডল।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 12:44 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের সরবরাহ করা উত্তরপত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার বিকালে সদর উপজেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরীয়া মহাবিদ্যালয়-এই দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওসি আবুল কালাম আজাদ।

গ্রেপ্তাররা হলেন- কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। 

অমৃত মণ্ডল বর্তমানে আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত ও লাভলী বেগম গৃহিণী। 

ওসি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার বিকালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অমৃত মণ্ডল পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। 

এ সময় তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি এলাকার এক ব্যক্তি তার কাছে এ উত্তরপত্র বিক্রি করার তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ওসি।